ঈদ যাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব সংশ্লিষ্ট পক্ষ সতর্ক রয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ঈদে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পর্যাপ্ত মনিটরিং করা হবে। এতে ভ্রাম্যমাণ আদালত ও মহাসড়ক পুলিশ সক্রিয় থাকবে।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ মন্ত্রী বলেন, স্থানীয় প্রশাসন—বিশেষ করে সড়ক ও মহাসড়কের অধীন থানাগুলোও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে। এছাড়া পরিবহন শ্রমিক নেতারাও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
শেখ রবিউল আলম বলেন, ঈদ যাত্রাকে কেন্দ্র করে কোনো অবস্থাতেই অনৈতিক সুবিধা বা চাঁদাবাজির সুযোগ গড়ে ওঠা যাবে না। সকল সংশ্লিষ্ট পক্ষ একযোগে এই বিষয়টি তদারকি করবেন।