ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্নহত্যার ঘটনা নিয়ে আলোচনা চলমান। গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আলভী, তার মা ও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে ইকরার পরিবার। মামলায় নাম এসেছে আলভীর সহকর্মী ও অভিনেত্রী ইফফাত আরা তিথিরও। ঘটনার সময় নাটকের শুটিংয়ের কাজে আলভী ও তিথি নেপালে ছিলেন বলে জানা যায়। পরিস্থিতি নিয়ে এবার সংবাদমাধ্যমের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন তিথি।
তিথি জানান, ঘটনার দিন তারা নেপালে ছিলেন এবং সেদিনই দ্রুত দেশে ফেরার চেষ্টা করেন। তবে টিকিট জটিলতার কারণে তা সম্ভব হয়নি বলে তিনি দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, সেদিন আলভীর দ্রুত দেশে ফেরার ইচ্ছা থাকলেও ফ্লাইট সিট পাওয়া যাচ্ছিল না। পরের দিনের টিকিট নিশ্চিত করার পর পুরো টিম দেশে ফিরে আসে।
আলভী এখন কোথায় আছে জানতে চাইলে তিথি বলেন, সে আসলে এখন ঠিক কোথায় আছে সেটা আমি জানিনা। আমি ওকে লাস্ট নেপাল থেকে বিদায় নিয়ে আমরা বের হয়েছি। আলভীর সঙ্গে আমার শেষবার কথা হয়েছে যখন আমরা বিদায় নিচ্ছি বা মানে এয়ারপোর্টে তারপর কোন যোগাযোগ হয়নি।
ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে তিথি বলেন, তিনি কোনো অপরাধ করেননি এবং কাউকে আত্মহত্যায় প্ররোচিত করার বিষয়টি ভিত্তিহীন।
আলভীকে বিয়ে আর তার সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জন নিয়ে জানতে চাইলে, অভিনেত্রী এসব বিষয় নাকচ করে দেন। তিথির দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব তথ্য সত্য নয়। তবে এই পরিস্থিতি তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি জানান, অনেকেই ভয়ে সরাসরি সমর্থন না দিলেও দূর থেকে সহানুভূতি জানাচ্ছেন। আবার কেউ কেউ কাজের ক্ষেত্রে দূরত্ব বজায় রাখছেন যা তার পেশাগত জীবনে প্রভাব ফেলতে পারে।