দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বুধবার (৪ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই স্ট্যাটাস দিয়েছেন তিনি।
রাত ৯টা ২২ মিনিটে ফেসবুকে দেয়া ওই স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘আজ তলব করা হয়েছিল শুধু আসিফ মাহমুদকে। আসিফ মাহমুদ তার পরিবারের ৪ জনের মোট ৯টি অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট আজ প্রকাশ করেছেন।’
স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, ‘আসিফ মাহমুদদের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই ‘সেফ এক্সিট’ নিয়ে বিদেশে চলে যাওয়ার কথা ছিল। অথচ তারা আইনানুযায়ী সকল বিধি মেনে নিজের ও পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট প্রকাশ করছেন। মিথ্যা, অপপ্রচার, এত-শত মিডিয়া ট্রায়াল—উৎপাদিত দুর্নীতির অভিযোগ দিনশেষে স্রেফ অভিযোগ হিসেবেই থাকবে। প্রমাণিত আর হবে না।’
ফেসবুকে মুহূর্তেই হাসনাত আবদুল্লাহর এই স্ট্যাটাস ভাইরাল হয়েছে। ১২ মিনিটের মধ্যেই তার স্ট্যাটাসটিতে ৩৪ হাজারের বেশি রিয়েকশন পড়েছে। সেই সঙ্গে হাজারের বেশি মানুষ স্ট্যাটাসের মন্তব্যের ঘরে নানা মন্তব্য করার পাশাপাশি প্রায় ৫ শতাধিক আইডি থেকে হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসটি শেয়ার করা হয়েছে।
প্রসঙ্গতঃ বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিজেরসহ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জনসম্মুখে উন্মুক্ত করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।