পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরের নকলা উপজেলার টালকী ইউনিয়নে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির টালকী ইউনিয়ন শাখার উদ্যোগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সাইলামপুর ফকিরবাড়ী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মানবিক সহায়তার এ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক পৃষ্ঠপোষকতা করেন সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ মোসাদ্দেক হোসেন।
তুরস্কের অর্থায়নে পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে টালকী ইউনিয়নের ১০০টি অসচ্ছল পরিবারের হাতে রমজান মাসে সেহরি ও ইফতারে ব্যবহারের জন্য চাল, ডাল, তেল, ছোলা, মুড়ি, খেজুর, চিনি ও লবণ সম্বলিত ফুডপ্যাক তুলে দেওয়া হয়।
আয়োজকদের মতে, নিত্যপ্রয়োজনীয় এসব খাদ্যসামগ্রী রমজানজুড়ে উপকারভোগী পরিবারগুলোর খাদ্যসংকট কিছুটা হলেও লাঘব করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টালকী ইউনিয়ন জামায়াতের সভাপতি রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নকলা উপজেলা জামায়াতের প্রকাশনা ও সাহিত্য সম্পাদক মাওলানা হুমায়ূন আহমেদ।
এসময় অনুষ্ঠানে ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও পল্লী চিকিৎসক সাইফ সিদ্দিকী সৌরভ, ৬নং ওয়ার্ড সভাপতি মাওলানা আহমদসহ ইউনিয়ন জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় সমাজসেবক, ধর্মীয় ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মাঝে সন্তোষ ও কৃতজ্ঞতার অনুভূতি প্রকাশ পায়। কয়েকজন উপকারভোগী জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে। এ ধরনের সহায়তা তাদের পরিবারে স্বস্তি এনে দিয়েছে এবং ইফতার-সেহরির আয়োজন সহজ করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, টালকী ইউনিয়নে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণ বাড়লে অসচ্ছল মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে। বিশেষ করে রমজান মাসে খাদ্য সহায়তা কর্মসূচি দরিদ্র পরিবারগুলোর জন্য বড় সহায়ক হিসেবে কাজ করে।