1. admin@doeltv.com : admin :
ব্যালট বাক্সে এনসিপির হান্নান মাসউদকে চিঠি, কী লেখা ছিল এতে? - OnlineTV
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

ব্যালট বাক্সে এনসিপির হান্নান মাসউদকে চিঠি, কী লেখা ছিল এতে?

ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৮ বার পঠিত
শেয়ার করুন

নোয়াখালী-৬ আসনে হাতিয়া উপজেলার একটি ভোটকেন্দ্রে ভোট গণনার সময় ঘটে ব্যতিক্রমী এক ঘটনা। ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের উদ্দেশে লেখা এক ভোটারের হাতে লেখা চিঠি পাওয়া গেছে। বিষয়টি এলাকার আলোচনার কেন্দ্রন্দিুতে পরিণত হয়েছে।

কেন্দ্র সূত্রে জানা গেছে, চিঠিটি ব্যালট পেপারের সঙ্গে বা সরাসরি ব্যালট বাক্সে ঢোকানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। গণনার সময় ব্যালটের ভেতর ভাঁজ করা একটি কাগজ দেখতে পেয়ে কর্মকর্তারা বিষয়টি শনাক্ত করেন। পরে সেটি খুলে দেখা যায়, চিঠিটি প্রার্থী আবদুল হান্নান মাসউদের উদ্দেশে লেখা।

চিঠিতে এলাকার সামগ্রিক উন্নয়ন, সাধারণ মানুষের কষ্ট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি এবং স্থানীয় নানা সমস্যার কথা তুলে ধরা হয়েছে। বিশেষভাবে নদীভাঙন রোধ, ভূমিহীনদের জমি হস্তান্তর, সি-ট্রাক ও ট্রলার ভাড়া কমানোসহ দ্বীপাঞ্চলের নিত্যদিনের ভোগান্তির বিষয়গুলো উল্লেখ করা হয়।

নিজেকে একজন গার্মেন্টস কর্মী পরিচয় দিয়ে ওই ভোটার লেখেন, তিনি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে যুক্ত নন। গত তিন দশকে বহু নেতাকে দেখেছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই উন্নয়ন ছিল কেবল কাগজে-কলমে। বাস্তবে সাধারণ মানুষের জীবনযাত্রার তেমন পরিবর্তন হয়নি বলেও তিনি চিঠিতে উল্লেখ করেন।

চিঠিতে ভোটার দাবি করেন, তিনি নিজের পরিবার ও আত্মীয়-স্বজন মিলিয়ে মোট ২৩টি ভোট দিয়েছেন। একই সঙ্গে নির্বাচিত হলে জনগণের পাশে থেকে বাস্তবসম্মত উন্নয়ন কার্যক্রম গ্রহণের আহ্বান জানান।

চিঠির শেষাংশে ভোটার প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে অনুরোধ জানান, যেন চিঠিটি সংশ্লিষ্ট প্রার্থীর হাতে পৌঁছে দেওয়া হয়। এ অনুরোধ থেকেই ধারণা করা হচ্ছে, চিঠিটি সচেতনভাবেই ব্যালট বাক্সে দেওয়া হয়েছিল—প্রার্থীর কাছে বার্তা পৌঁছানোর উদ্দেশে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ব্যালট বাক্সে এ ধরনের চিঠি বা অতিরিক্ত কাগজ ঢোকানো নির্বাচন বিধিমালার দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত। তবে ঘটনাটি কোনো সহিংসতা, বিশৃঙ্খলা বা ভোটগ্রহণে বিঘ্ন সৃষ্টি করেনি।

স্থানীয়দের অনেকে বলছেন, ভোটারদের মাঝে প্রার্থীদের প্রতি প্রত্যাশা ও হতাশা দুই-ই বেড়ে যাওয়ার কারণে এমন ব্যতিক্রমী ঘটনা ঘটতে পারে। কেউ কেউ আবার এটিকে রাজনৈতিক আবেগ প্রকাশের অভিনব পদ্ধতি হিসেবে দেখছেন। দ্বীপাঞ্চলের দীর্ঘদিনের অবকাঠামোগত ও অর্থনৈতিক সমস্যার প্রেক্ষাপটে ভোটারের এ চিঠিকে অনেকে ‘নীরব প্রতিবাদ’ হিসেবেও আখ্যা দিচ্ছেন।

এ বিষয়ে আবদুল হান্নান মাসউদ বলেন, ব্যালট বাক্সে ভোটের পাশাপাশি মানুষ তাদের অনুভূতিও জানিয়ে গেছে। এটি জনগণের ভালোবাসা ও প্রত্যাশার প্রতিফলন। তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রসঙ্গতঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022