নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে উপজেলা জুড়ে রাতভর থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এসব ঘটনা ঘটে।
জানা গেছে, হাতিয়ার জাহাজমারা, নিঝুমদ্বীপ, চানন্দী ইউনিয়নসহ বিভিন্ন স্থানে ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের কর্মী ও ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীমের কর্মীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। এ সময় একদল অন্যদলের সমর্থকদের বাড়িতে হামলা ভাঙচুর করে। এছাড়াও বিভিন্ন স্থানে নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটে।
ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীমের প্রধান এজেন্ট মো. আলাউদ্দিন বলেন, ‘চানন্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনকে আহত করা হয়েছে। বর্তমানে সে নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের বাড়িতে হামলা করা হয়েছে।’
উপজেলা নাগরিক পার্টির আহ্বায়ক শামসুল তিব্রিজ বলেন, ‘আমাদের নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর করা হয়েছে। তারা কেউ কেউ হাসপাতালে ভর্তি আবার কেউ কেউ স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। এছাড়াও সোনাদিয়া ইউনিয়নের হান্নান মাসউদের নির্বাচনী অফিস ভাঙচুর করে বিএনপি কর্মীরা। ’
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, ‘চানন্দী ইউনিয়নের জসিম উদ্দিন জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়াও তিনজন হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে বলে জানা গেছে। পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড রাতভর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করেছে। আমাদের এ কার্যক্রম দিনভর অব্যাহত থাকবে। এছাড়াও যে অভিযোগগুলো রয়েছে সেটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’