1. admin@doeltv.com : admin :
ময়মনসিংহের ১১ আসনে সেনা ও বিজিবি মোতায়েন, তৎপর র‍্যাবও - OnlineTV
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

ময়মনসিংহের ১১ আসনে সেনা ও বিজিবি মোতায়েন, তৎপর র‍্যাবও

জুবায়ের খন্দকার, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৯ বার পঠিত
শেয়ার করুন

বুধবার সকালে নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন র‍্যাব-১৪ এর অধিনায়ক নয়মুল হাসান

ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের ১৩টি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল থেকেই জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। নির্বাচনকে কেন্দ্র করে নগরীতে যানবাহন ও জনসাধারণের চলাচল ছিল সীমিত।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলার মোট ১ হাজার ৩৬৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৮৩টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন নির্বিঘ্ন করতে এসব কেন্দ্রে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে মোতায়েন করা হয়েছে ৩ হাজার ২১৭ জন পুলিশ সদস্য।

এ ছাড়া শান্তি-শৃঙ্খলা রক্ষায় হালুয়াঘাট ও ধোবাউড়া ব্যতীত বাকি ১১টি উপজেলার প্রতিটিতে ১২০ থেকে ১৪০ জন সেনাসদস্য দায়িত্ব পালন করছেন। সীমান্তবর্তী উপজেলা হওয়ায় হালুয়াঘাট ও ধোবাউড়ায় মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি। বাকি উপজেলাগুলোয় ৪ প্লাটুন করে বিজিবি সদস্য টহল দিচ্ছেন।

প্রতিটি ভোটকেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য পুলিশের নেতৃত্বে ১৪ থেকে ১৭ জন করে গ্রাম পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আনসার ব্যাটালিয়নের ৩১টি এবং র‌্যাবের ২১টি টিম মাঠে কাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে এবং নির্বাচনী আচরণবিধি বজায় রাখতে ৭৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান জানান, বুধবার সকাল থেকেই প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, কলমসহ প্রয়োজনীয় সব নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হচ্ছে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

এদিকে, বুধবার সকালে নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন র‌্যাব-১৪-এর অধিনায়ক নয়মুল হাসান। তিনি জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারেন, সে জন্য র‌্যাবের ৬০০ সদস্য মাঠে সক্রিয় রয়েছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের পূর্ণ প্রস্তুতি আছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022