বান্দরবান পৌর শহরে বিএনপির নির্বাচনী প্রচারণার একটি অস্থায়ী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কারা এ অগ্নিসংযোগ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
৯ (ফেব্রুয়ারি) সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে শহরের হাফেজ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা কার্যালয়টিতে আগুন দেয়। ভোরে পুড়ে যাওয়া কার্যালয় দেখতে পেয়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে।
এ ঘটনায় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই বিপক্ষ দলের লোকজন এ অগ্নিসংযোগ করেছে।
পৌর ওয়ার্ড বিএনপির নেতা আবু সাঈদ বলেন, যারা নির্বাচন চায় না, তারাই এই অগ্নিসংযোগ করেছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
এ বিষয়ে বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারা এ অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।