1. admin@doeltv.com : admin :
নির্বাচিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের - OnlineTV
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

নির্বাচিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

নির্বাচনী ডেস্কঃ-
  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬১ বার পঠিত
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট জয়লাভ করলে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।

জনসভায় জামায়াত আমির বলেন, যুবক বন্ধুরা, তোমরা তৈরি হয়ে যাও বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য। নাহিদ ইসলামকে এখানে আমরা প্রার্থী করেছি। ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় অর্জিত হলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসেবে দেখবেন। আমরা হাতে হাত ধরে একসঙ্গে কাজ করব। এই নাহিদ ইসলামরা আগামী দিনের বাংলাদেশ নামের জাহাজের ক্যাপ্টেন হিসেবে কাজ করবে। আর আমরা পেছনের সিটে প্যাসেঞ্জার হিসেবে থাকব। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে সঠিক গন্তব্যে এরা নিয়ে যাবে।

‘বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। এ দেশের মানুষ মেধাবী এবং পরিশ্রমী। অতীতের নেতৃত্বের মধ্যে সততার অভাব ছিল। তাদের মধ্যে দুর্নীতি থেকে হাতকে মুক্ত রাখার সেই শপথ ছিল না, দেশের প্রতি দায় ছিল না। এজন্যই বাংলাদেশ আগাতে পারেনি। আমরা আশা করব, যুবকরা আমাদেরকে হতাশ করবে না। তারা আমাদেরকে সামনে নিয়ে এগিয়ে যাবে’, যোগ করেন ডা. শফিকুর রহমান।

সারা দেশ এখন জেগে উঠেছে মন্তব্য করে জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের প্রতি ইঞ্চি মানুষ আর ১৮ কোটি মানুষের প্রত্যেকের হকের ওপরে আমরা পাহারাদারি করব। কারও সঙ্গে আমরা বেইমানি করব না। আমরা মিথ্যাবাদী জাতি নই, কিন্তু একটা কথা আল্লাহতালাকে সাক্ষী রেখে বলব— বাংলাদেশের মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত— এই তিনটার পাহারাদার হব আমরা। এ দেশের মালিক হব না, জনগণের সেবক হব।’

ডা. শফিকুর রহমান বলেন, আমরা এমন কোনো আশ্বাস দেব না, যা বাস্তবায়ন করতে পারব না। যা বলবো ইনশাআল্লাহ আল্লাহর ওপর ভরসা করে সেইটাই করার চেষ্টা করব জানপ্রাণ দিয়ে। যেভাবে জুলাই এনে দিয়েছে আমাদের সহযোগীরা জানপ্রাণ দিয়ে, সেইভাবে আগামীর দায়িত্ব আমরা পালন করব জান দিয়ে।

তিনি বলেন, ‘আসুন, একটা বেইনসাফি মুক্ত, জুলুমবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত একটা ন্যায়-ইনসাফের মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।’

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022