এশিয়া কাপ শেষ হতেই ব্যস্ত সূচি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।
আগে থেকেই সূচি জানা থাকলেও এবার আনুষ্ঠানিকভাবে সিরিজের ভেন্যু ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সূচি অনুযায়ী, শারজাহতে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আর আবুধাবিতে হবে ওয়ানডে সিরিজ।
টি-টোয়েন্টি দিয়ে ২ অক্টোবর শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান লড়াই। দ্বিতীয় ম্যাচ হবে ৩ অক্টোবর এবং সিরিজের শেষ ম্যাচ ৫ অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর। বাকি দুই ম্যাচ যথাক্রমে ১১ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নসীব খান বলেন, বাংলাদেশকে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। সিরিজটি আমাদের পারস্পরিক সম্পর্কের প্রতিফলন এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট আয়োজনের প্রতিশ্রুতি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, আমরা আফগানিস্তানের বিপক্ষে প্রতিযোগিতামূলক ও রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় আছি। এশিয়া কাপের পর এই সিরিজ আমাদের জন্য বড় সুযোগ।
এশিয়া কাপ (৯–২৮ সেপ্টেম্বর) শেষ হওয়ার এক সপ্তাহেরও কম সময়ে মাঠে গড়াবে সিরিজটি। ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ থাকছে না বললেই চলে।
সিরিজের সূচিঃ-
১ম টি-টোয়েন্টিঃ- ২ অক্টোবর, শারজাহ
২য় টি-টোয়েন্টিঃ- ৩ অক্টোবর, শারজাহ
৩য় টি-টোয়েন্টিঃ- ৫ অক্টোবর, শারজাহ
১ম ওয়ানডেঃ- ৮ অক্টোবর, আবুধাবি
২য় ওয়ানডেঃ- ১১ অক্টোবর, আবুধাবি
৩য় ওয়ানডেঃ ১৪ অক্টোবর, আবুধাবি